
মাদারীপুরের কালকিনিতে চিহ্নিত সন্ত্রাসী ফয়সাল তালুকদার ওরফে বোমারু ফয়সালকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মামলা আছে।
গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম।
এর আগে গতকাল ঢাকার কাফরুল এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে কালকিনি থানার পুলিশ। বোমারু ফয়সালকে নিয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দেশের প্রথম সারির পত্রিকার অনলাইনে ‘কালকিনিতে “বোমারু” ফয়সালের ত্রাসের রাজত্ব, এলাকাছাড়া মানুষ, ভয় পায় পুলিশও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
গ্রেপ্তার ফয়সাল কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর এলাকার বজলু তালুকদারের ছেলে। স্থানীয় লোকজন তাঁকে ‘বোমারু ফয়সাল’ নামেই চেনেন। স্থানীয় লোকজনের ভাষ্য, কালকিনিতে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, বিস্ফোরণ, ধর্ষণের ঘটনাসহ যত ধরনের অপরাধ ঘটে, তার একটি বড় অংশের সঙ্গে যুক্ত ‘বোমারু ফয়সাল বাহিনী’।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল তালুকদার দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ আছে। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায়।
ফয়সাল তালুকদারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কালকিনির বিভিন্ন এলাকার লোকজন স্বস্তি প্রকাশ করেন। তাঁরা তাঁর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।