চীনের অর্থায়নে দেশের অবকাঠামো খাতে নতুন করে বড় বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে সরকার। দেশে আরও একটি করে পদ্মা ও যমুনা সেতু নির্মাণসহ সড়ক, রেল ও সেতু খাতের ২০টির মতো প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে এসব প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সড়ক ও রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সড়ক, সেতু ও রেল খাতের এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হতে পারে কয়েক লাখ কোটি টাকা। তবে তালিকায় থাকা সব প্রকল্পের জন্য অর্থায়ন পাওয়া যাবে না বা এখনই সেসব বাস্তবায়ন না–ও হতে পারে। তবে বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে সরকার বেশি জোর দেবে।

২১ ও ২২ জুন দুই দিনের সফরে প্রধানমন্ত্রীর কুয়ালালামপুর যাওয়ার কথা আছে। সেখান থেকে তাঁর চীন সফরে যাওয়ার কথা। চার মাস আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

অগ্রাধিকারে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চীনের অর্থায়নে বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি ৯টি প্রকল্পের নাম জমা দিয়েছে সেতু বিভাগ। এর মধ্যে আছে জামালপুরের দেওয়ানগঞ্জ ও গাইবান্ধার বালাসীঘাটের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রকল্প। এটি বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে।

এ ছাড়া দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য তিনটি সম্ভাব্য পথ (অ্যালাইনমেন্ট) নিয়ে সমীক্ষা চলছে। এগুলো হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা-জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যমুনা নদীর ওপর। অন্যটি গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত।

বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলা সংযোগকারী যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২৩ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। চার লেনের বিদ্যমান সেতুতে তখন দীর্ঘ যানজট তৈরি হয়।

চীনা অর্থায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পাশাপাশি গুরুত্ব পাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ। এই সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে।

পদ্মা সেতুর স্থান নির্ধারণের সময় এই পথটিও বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত ২০২২ সালে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা রুটে সেতুটি নির্মাণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}