‎ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় বসছে এশিয়ান গেমসের ২০তম আসর। তবে নারী ফুটবল শুরু ১৪ সেপ্টেম্বর। এই আসরকে সামনে রেখে আজ নারী ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

‎ঘোষিত দলে এখনো জাতীয় দলে অভিষেক না হওয়া খেলোয়াড় একজন—অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকলে ম্যাচ খেলানো হয়নি তাঁকে।

‎এশিয়ান গেমস দিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার। তাঁর সঙ্গে দলে ফিরেছেন দুই ডিফেন্ডার—আইরিন খাতুন ও নবীরণ খাতুন। অন্যদিকে সর্বশেষ সাফের দলে থাকা সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ এবার জায়গা পাননি।

‎‎এশিয়ান গেমসে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গেমস অভিযান।

‎টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও এশিয়ান গেমসের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার। পদক জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তবতার কথাই সামনে এনেছেন তিনি, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’
‎ ‎তবে চীনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ, ‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}